recent posts

সদ্য প্রকাশিত

মন দুঃখ ভারাক্রান্ত?

 মন দুঃখ ভারাক্রান্ত?

জীবনটা নানা কষ্টে জর্জরিত?
কুরআনে আছে আমার সমস্ত কষ্টের উপশম।
নবীগনের জীবনে আছে, আমার যাবতীয় দুঃখ-যন্ত্রণার প্রতিকার। আমার দুর্দিনে প্রিয় রাব্বে কারীমের কাছে কীভাবে চাইব? নবীগন তাদের কষ্টের দিনগুলোতে কেমন করে প্রিয় রবের কাছে দোয়া করেছিলেন?
১ঃ সন্তান-সন্ততি, ধন-সম্পদ, অর্থবিত্ত সবকিছু হারিয়ে দিশেহারা? এমন কষ্টের দিনে আইয়ুব আ. দোয়া করেছেন,
أَنِّی مَسَّنِیَ ٱلضُّرُّ وَأَنتَ أَرۡحَمُ ٱلرَّ ٰ⁠حِمِینَ
হে আমার প্রতিপালক! আমার এই কষ্ট দেখা দিয়েছে এবং আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু (আম্বিয়া ৮৩)।
২ঃ চারদিক থেকে বিপদ এসে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে? মুক্তির কোনও উপায়ই দেখা যাচ্ছে না? সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে আছি? আমার সামনে আছে ইউনুস আ.-এর আদর্শ। তিনি এমন পরিস্থিতিতে দোয়া করেছিলেন,
لَّاۤ إِلَـٰهَ إِلَّاۤ أَنتَ سُبۡحَـٰنَكَ إِنِّی كُنتُ مِنَ ٱلظَّـٰلِمِینَ
(হে আল্লাহ!) আপনি ছাড়া কোন মাবুদ নেই। আপনি সকল ত্রুটি থেকে পবিত্র। নিশ্চয়ই আমি অপরাধী (আম্বিয়া ৮৭)।
৩ঃ প্রিয়জনকে হারিয়ে বে-কারার, বে-চাইন, অস্থির হয়ে আছি? অতি আপনজনকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে আছি? আমার পাথেয় হতে পারে, ইয়াকুব আ.-এর সবরে জামীল আর আল্লাহর প্রতি আকুতিমাখা আত্মসমর্পণ,
إِنَّمَاۤ أَشۡكُوا۟ بَثِّی وَحُزۡنِیۤ إِلَى ٱللَّهِ
আমি আমার দুঃখ ও বেদনার অভিযোগ (তোমাদের কাছে নয়) কেবল আল্লাহরই কাছে করছি (ইউসুফ ৮৬)।
৪ঃ জালেম সরকারের জুলুমে দেশছাড়া? অত্যাচারী সমাজপতিদের অত্যাচারে সমাজ-দেশগ্রাম ছাড়া? বিদেশ-বিভূঁইয়ে নিরন্ন বিপন্ন? মুসা আ.-এর আবেগমথিত দোয়া হতে পারে আমার আশ্রয়,
رَبِّ إِنِّی لِمَاۤ أَنزَلۡتَ إِلَیَّ مِنۡ خَیۡرࣲ فَقِیرࣱ
হে আমার প্রতিপালক! তুমি আমার প্রতি যে কল্যান বর্ষণ করবে আমি তার ভিখারী (কাসাস ২৪)।
৫ঃ বিয়ের পর দীর্ঘ দাম্পত্যজীবন পার করেও নিঃসন্তান? একটি সন্তানের অভাবে কোল খাঁ খাঁ করছে? যাকারিয়া আ.-এর হাহাকার ভরা দোয়াই হতে পারে আমার সম্বল,
رَبِّ لَا تَذَرۡنِی فَرۡدࣰا وَأَنتَ خَیۡرُ ٱلۡوَ ٰ⁠رِثِینَ
হে আমার রব্ব! আমাকে একা (নিঃসন্তান) রাখবেন না, আর আপনিই শ্রেষ্ঠ উত্তরাধিকারী (আম্বিয়া ৮৯)।

কোন মন্তব্য নেই